ইউক্রেনে লড়াই করতে গিয়ে উ. কোরিয়ার সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩
ছবি : সংগৃহীত
ইউক্রেনের কুরস্ক অঞ্চলে রাশিয়ার সঙ্গে লড়াই করতে গিয়ে উত্তর কোরিয়ার সেনারা নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।
গত অক্টোবরে উত্তর কোরিয়া রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টা জোরদার করতে প্রায় ১০ হাজার সেনা পাঠিয়েছে বলে সংবাদ প্রকাশিত হওয়ার পর এই প্রথম হতাহতের খবর পাওয়া গেল। তবে বিবিসি এই দাবির সত্যতা যাচাই করেনি।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা (জিইউআর) জানিয়েছে, গত সপ্তাহের শেষে কুরস্কের কিছু গ্রামে ৩০ জনেরও বেশি উত্তর কোরিয়ান সেনা নিহত বা আহত হয়েছেন।
গোয়েন্দা সংস্থাটি আরও জানিয়েছে, তাদের মধ্যে কেউই পূর্বে কোনো যুদ্ধ অভিজ্ঞতা অর্জন করেনি এবং তারা প্রথমে প্রশিক্ষণ ও সহায়ক কাজে নিযুক্ত ছিল।
পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ান সেনারা রাশিয়ান বাহিনীর সঙ্গে কুরস্কে লড়াই করছে এবং তাদের কিছু সেনা আহত বা নিহত হয়েছে। তবে তাদের অংশগ্রহণ কেবল কুরস্ক এলাকাতেই সীমাবদ্ধ রয়েছে এবং ইউক্রেনের অভ্যন্তরে তারা অবস্থিত নয়।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে রাশিয়ান বাহিনী উত্তর কোরিয়ান সেনাদের উপস্থিতি গোপন করতে মৃতদের মুখ পুড়ানোর চেষ্টা করছে।
এসবি

