রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:১২
ছবি : সংগৃহীত
মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে রাখা বোমার বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, কিরিলভ এবং তার সহকারী রাইজানস্কি ক্রেমলিন থেকে প্রায় ৭ কিলোমিটার (৪ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রস্পেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বোমা বিস্ফোরণে মারা যান।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে ভবনের ধ্বংসপ্রাপ্ত প্রবেশদ্বার এবং রক্তে ভেজা তুষারের মধ্যে দুটি মৃতদেহ দেখা যায়। এ ঘটনায় ইতোমধ্যে একটি অপরাধমূলক মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, ইগর কিরিলভ রাশিয়ার পারমাণবিক, রাসায়নিক এবং জীবাণু সুরক্ষা বাহিনীর (আরকেএইচবিজেড) প্রধান ছিলেন। রাশিয়ান এই সংস্থাটি পারমাণবিক, রাসায়নিক ও জীবাণু সংক্রামিত পরিবেশে বিশেষ অভিযান পরিচালনা করে থাকে।
এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলভকে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
এসবি

