Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬

গাজায় ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৯ জন নিহত এবং ২২৮ জন আহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘর্ষে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল অন্তত ৬৫ হাজার ১৪১-এ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ৮ জন নিহত এবং ৩৩ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ বিতরণে হামলায় ২ হাজার ৫১৩ জন নিহত এবং ১৮ হাজার ৪১৪ জন আহত হয়েছেন। এছাড়া শিশু ও অপ্রাপ্তবয়স্কসহ আরও চারজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৫-এ, যার মধ্যে ১৪৭ শিশু।

ইসরায়েলি কর্তৃপক্ষ গত ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে রেখেছে, ফলে ২৪ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইপিসি জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ইতোমধ্যেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি মধ্য ও দক্ষিণাঞ্চলের দেইর আল-বালাহ ও খান ইউনিসে ছড়িয়ে পড়বে। এই ঘোষণার পর ৩২ শিশুসহ ১৫৭ জন অনাহারে মারা গেছেন।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত কয়েকবারই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইতোমধ্যেই ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ গাজা শহর ইসরায়েল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন