Logo

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ৬ষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্রের ভেটো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ৬ষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্রের ভেটো

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ওপর ইসরায়েলের সব ধরনের বাধা প্রত্যাহারের আহ্বান জানানো প্রস্তাবে যুক্তরাষ্ট্র আবারও ভেটো দিয়েছে। এটি ইসরায়েল-হামাস সংঘর্ষে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ভেটো।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে নির্বাচিত ১০ দেশের উদ্যোগে প্রস্তাবটি তৈরি করা হয়েছিল। প্রস্তাবে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তার ওপর বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। নিরাপত্তা পরিষদে প্রস্তাবের পক্ষে ১৪টি দেশ ভোট দিলেও যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে ভেটো প্রয়োগ করেছে।

ভোটের আগে ডেনমার্কের জাতিসংঘ রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কাস ল্যাসেন বলেন, ‘গাজায় দুর্ভিক্ষ এখন অনুমান নয়, এটি নিশ্চিত। ইসরায়েল সামরিক অভিযান বৃদ্ধি করেছে, যা বেসামরিক নাগরিকদের কষ্ট আরও বাড়াচ্ছে। এই মানবিক বিপর্যয় আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করেছে।’

ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, যুক্তরাষ্ট্রের ভেটো অত্যন্ত দুঃখজনক। এটি নিরাপত্তা পরিষদকে নৈতিক দায়িত্ব পালনে বাধা দিয়েছে এবং গণহত্যার মুখে নিরীহ বেসামরিকদের রক্ষার দায়িত্ব থেকে পিছিয়ে রেখেছে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেনদাজমা বলেন, ‘ফিলিস্তিনি ভাই ও বোনেরা, আমাদের ক্ষমা করুন। আমাদের আন্তরিক প্রচেষ্টা আজ ভেটোর দেয়ালে ধাক্কা খেয়েছে।’

যুক্তরাষ্ট্রের ভেটো আবারও দেখিয়েছে, দেশটি জাতিসংঘে তাদের মিত্র ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে।

মার্কিন কূটনীতিক মরগান ওর্তাগাস মন্তব্য করেছেন, ‘যুদ্ধের দায় হামাসের ওপর। প্রস্তাবিত শর্তগুলো ইসরায়েল মেনে নিয়েছে, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে। হামাস যদি বন্দিদের মুক্তি দিত এবং অস্ত্র সমর্পণ করত, তাহলে যুদ্ধ আজই শেষ হয়ে যেত।’

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই বছরের সংঘর্ষে এখন পর্যন্ত ৬৫ হাজার ১৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় হাজার হাজার মানুষ আহত ও মানবিক বিপর্যয়ে পড়েছেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতিসংঘ যুক্তরাষ্ট্র ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ গাজা শহর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন