Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযানে একদিনে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্যরা।

স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টম্বর) এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

চিকিৎসকদের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী একদিনে গাজায় ৯১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন একজন বিশিষ্ট চিকিৎসকের পরিবারের সদস্য ও উত্তর গাজা শহর থেকে পালিয়ে আসা একটি ট্রাকে থাকা চারজন বেসামরিক নাগরিক।

ইসরায়েলি বাহিনী আবাসিক ভবন, স্কুল-আশ্রয়কেন্দ্র, বাস্তুচ্যুতদের আবাসস্থল ও পালিয়ে আসা লোকজনের ট্রাকে বোমা বর্ষণ করে। এসব হামলায় অন্তত ৭৬ জন নিহত হন।

শনিবার ভোরে গাজা শহরের সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক ডা. আবু সালমিয়ার পারিবারিক বাড়িতে হামলা চালানো হয়। এতে তার ভাই, ভগ্নিপতি ও তাদের সন্তানসহ অন্তত পাঁচজন নিহত হন।

‘আমার ভাই ও তার স্ত্রীর মৃতদেহ দেখে আমি হতবাক ও বিধ্বস্ত হয়ে পড়েছিলাম,’ এএফপিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন আল-শিফার হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আবু সালমিয়া।

তিনি আরও বলেন, ‘এখন যেকোনো কিছু সম্ভব, কারণ আপনাকে আপনার প্রিয়জনদের শহীদ বা আহত হিসেবে মেনে নিতে হচ্ছে।’

এ হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস একে ‘চিকিৎসকদের উদ্দেশে রক্তাক্ত সন্ত্রাসী বার্তা’ বলে অভিহিত করেছে। হামাস বলছে, চিকিৎসকদের ভয় দেখিয়ে শহর ছাড়তে বাধ্য করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে প্রায় ১ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এ সময় আরও ৪০০ জনকে কারারুদ্ধ করা হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফিলিস্তিন গাজা শহর ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ইসরায়েল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন