জেএফকে বিমানবন্দরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে অবতরণ করে। এ সময় টার্মিনালের বাইরের পার্কিং লটে বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শনসহ বিভিন্ন স্লোগান দেন।
দুপুর থেকেই নিউইয়র্কের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। অপরদিকে প্রধান উপদেষ্টাসহ বিএনপির মহাসচিবকে স্বাগত জানাতে আনন্দ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।
উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। তাদের হাতে ছিল বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন। উভয় পক্ষের কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। ফ্লাইটটি আট নম্বর টার্মিনালে অবতরণের আগেই পক্ষে-বিপক্ষে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো টার্মিনাল এলাকা।
বিকেল পৌনে ৪টার দিকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা একে একে বের হয়ে টার্মিনালে অবস্থিত গাড়ির দিকে যাওয়া সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন। সূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। সেদিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় একই সময়ে সমাবেশ করেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা।
কৌশলী ইমা/এমবি

