প্রধান উপদেষ্টার সঙ্গে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাৎ
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩
ছবি : বাংলাদেশের খবর
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবার।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের একটি হোটেলে দিদারুলের বাবা আব্দুর রব ও পরিবারের দুই সন্তানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে ড. মুহাম্মাদ ইউনূস তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি দিদারুল ইসলামের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন।
সাক্ষাতের সময় উপস্থিত বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ড. ইউনূস বলেন, দিদারুল ইসলামের জন্য পুরো বাংলাদেশ শোকাহত। এছাড়া নিহত কর্মকর্তার প্রতি স্থানীয় পুলিশ প্রশাসনের প্রদত্ত সম্মাননার জন্য তিনি এনওয়াইপিডি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা মৌলভীবাজারের দিদারুল ইসলাম এনওয়াইপিডির ৪৭তম প্রেসিংক্টে কাজ করতেন। তিনি এ বাহিনীতে সাড়ে তিন বছর কাজ করেছেন। ২৮ জুলাই নিউইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউ-এর একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলায় অন্য চারজনের সঙ্গে দিদারুল ইসলাম নিহত হন। পরবর্তীতে ৩১ জুলাই তাকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে নিউ জার্সিতে দাফন করা হয়।
কৌশলী ইমা/এমবি

