Logo

আন্তর্জাতিক

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আ.লীগকর্মী আটক

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আ.লীগকর্মী আটক

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম ছোঁড়ার অভিযোগে আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান চৌধুরীকে আটক করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আসা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম ছোঁড়ার অভিযোগে আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান চৌধুরীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটস এলাকা থেকে তাকে আটক করা হয়। আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ। তাদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে।

এর আগে সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে অবতরণ করে। এ সময় টার্মিনালের বাইরের পার্কিং লটে প্রচুর সংখ্যক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শনসহ বিভিন্ন স্লোগান দেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা টার্মিনাল থেকে গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে তার ওপর ডিম ছুঁড়ে মারে। এ ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর জ্যাকসন হাইটস এলাকা থেকে মিজানুর রহমান চৌধুরীকে আপক করে পুলিশ।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আগমনে দুপুর থেকেই নিউইয়র্কের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রধান উপদেষ্টাসহ বিএনপির মহাসচিবকে স্বাগত জানাতে আনন্দ সমাবেশ করে বিএনপি। উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে ছিল নানা রঙের ব্যানার ও ফেস্টুন। এ সময় চরম উত্তেজনা বিরাজ করতে থাকে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে। 

কৌশলী ইমা/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতিসংঘ প্রধান উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টি যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন