তাইওয়ানে ও হংকংয়ে বিধ্বংসী সুপার টাইফুনের আঘাত, নিহত অন্তত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫
দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসা প্রবল বৃষ্টিসহ হংকং ও তাইওয়ানে আঘাত হেনেছে। চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুনের প্রভাবে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হোয়ালিয়েনে অন্তত ১৪ জন নিহত ও ১২৪ জন নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।
তাইওয়ানের দমকল কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হোয়ালিয়েনে একটি কৃত্রিম হ্রদের পানি উপচে গিয়ে শহরটি প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও হড়কা বানে পুরো এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে, তবে অনেক এলাকায় এখনো মানুষ আটকা পড়ে আছেন।
রয়টার্স ও এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ে বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তাল ঢেউ ও ভারি বর্ষণে কিছু রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। টাইফুনটি এখন চীনের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

ফিলিপাইন, চীন ও তাইওয়ানের বিজ্ঞানীরা রাগাসাকে সুপার টাইফুন হিসেবে উল্লেখ করেছেন। সোমবার এটি ফিলিপাইনের উপকূলে আছড়ে পড়ার সময় ঘণ্টায় বাতাসের গতি ছিল ২৩0 কিলোমিটার।
এমএইচএস

