Logo

আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিবের কাছে বিদায় নিলেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৪

অ
জাতিসংঘ মহাসচিবের কাছে বিদায় নিলেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে স্থায়ী প্রতিনিধি রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা করেন। সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত একটি প্রস্তাবে এটি নির্ধারিত হয়েছিল।

এই সম্মেলনটি ফলপ্রসূভাবে আয়োজন এবং রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য একটি ব্যাপক, স্পষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রস্তাব করার বিষয়ে রাষ্ট্রদূত মুহিত মহাসচিবের সহযোগিতা কামনা করেন। 

এসময় জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রশংসা করেন। তিনি ২০২৫ সালের সম্মেলনের জন্য জাতিসংঘের পূর্ণ সহায়তার আশ্বাস দেন এবং এ সংকটের সমাধানে সম্মেলনের সফলতা কামনা করেন। 

জাতিসংঘ মহাসচিব রাষ্ট্রদূত মুহিতের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার অসামান্য অবদানের জন্য প্রশংসা করেন এবং আশা প্রকাশ করে বলেন, আগামী বছরগুলোতে বাংলাদেশ তার দীর্ঘ অভিজ্ঞতা এবং বহুপাক্ষিকতার ক্ষেত্রে দক্ষতার সুবিধা পাবে। 

রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের চলমান রূপান্তর দেখার জন্য ২০২৫ সালে বাংলাদেশে সফরের জন্য আমন্ত্রণ জানান। এই প্রস্তাবে মহাসচিব তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে বহুপাক্ষিকতার প্রচারে সক্রিয় ভূমিকা পালন করতে থাকবে।

বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাগণ এবং জাতিসংঘ মহাসচিবের নির্বাহী অফিসের সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, রাষ্ট্রদূত মুহিত একজন পেশাদার কূটনীতিক এবং পূর্বে অস্ট্রিয়া ও ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। এরপর ২০২২ সালের আগস্টে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে যোগ দেন তিনি।

তিনি ২০২৪ সালে ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের সভাপতি, জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৭৯তম অধিবেশনে দ্বিতীয় কমিটির (অর্থনৈতিক ও আর্থিক) চেয়ারম্যান, ২০২২ সালে জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের চেয়ারম্যান এবং ২০২৩ সালে সহ-চেয়ারম্যান এবং ২০২২ সালে ইউএন উমেন-এর নির্বাহী বোর্ডের সভাপতি ছিলেন। 

এছাড়া, তিনি ২০২৫-২০২৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। 

কেএম/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন