ছবি : সংগৃহীত
প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার।
বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পোর্ট ভিলার একটি হাসপাতালে চার জন, ভূমিধসের ফলে ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় জন এবং একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই ভবনের নিচে আরো মরদেহ থাকতে পারে। তাই মৃতের সংখ্যাও বাড়তে পারে।
এদিকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনের শেষে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২০০ জনেরও বেশি লোককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আরও জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে দেশটির প্রধান হাসপাতাল, একটি বিশাল শপিং মল এবং মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের ভবনগুলোর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাজধানীর আরও ১০টি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে দেশটির সরকার জানিয়েছে, দেশটির পানি সরবরাহের দুইটি বড় জলাধার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এই কারণে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এসবি

