আরও সাড়ে ৬৪ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
ছবি : সংগৃহীত
বাংলাদেশকে আরও ৬৪ কোটি ৫০ লাখ ডলার ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে তাদের বক্তব্য প্রকাশ করেছে আইএমএফ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এবং দেশটির অর্থনৈতিক সহায়তার প্রয়োজন বাড়ছে। তাই চলমান ঋণ কর্মসূচির অধীনে দেওয়া হবে এই অর্থ।
গত ৩ ডিসেম্বর আইএমএফের একটি দল চতুর্থ কিস্তি ছাড়ের আগে পর্যালোচনার জন্য ঢাকায় এসেছেন। বুধবার সফরের শেষ দিনে দলটির প্রধান ক্রিস পাপজর্জিও বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে সমঝোতায় পৌঁছেছেন বলে উল্লেখ করেছেন।
ক্রিস বলেন, ‘আইএমএফ-এর নির্বাহী বোর্ড বাংলাদেশ কর্তৃপক্ষের আগের নেওয়া পদক্ষেপগুলো কতটা বাস্তবায়ন হলো তা পর্যালোচনার বিষয়টি বিবেচনা করবে। সময়মতো অন্তর্বর্তী সরকারের গঠন অর্থনীতিতে স্বাভাবিক করতে ভূমিকা রেখেছে। যদিও অর্থনৈতিক কার্যক্রমের গতি অত্যন্ত ধীর এবং মূল্যস্ফীতি বেড়েই চলেছে।’
বিবৃতিতে বলা হয় জিডিপির প্রকৃত বৃদ্ধি ২০২৫ অর্থ বছরে কমে ৩ দশমিক ৮ শতাংশ হতে পারে। গণআন্দোলন, বন্যা, কঠোর নীতির কারণে এটা হতে পারে। যদিও ২০২৬ সালে এটি ঘুরে দাঁড়িয়ে ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে।
প্রসঙ্গত, গত জুনে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার ছাড়ের অনুমোদন দিয়েছিলো সংস্থাটি। ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের অনুমোদন দিয়েছিলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। তখন তারা বলেছিলো যে মোট সাত কিস্তিতে এই ঋণ পাবে বাংলাদেশ, যাতে ঋণের গড় সুদ হবে ২ দশমিক ২ শতাংশ।
এসবি

