Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৩৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫

অ
গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৩৮

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫ হাজার ১০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৯৭ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

এছাড়া, আরও অন্তত এক লাখ ৭ হাজার ২৪৪ জন ব্যক্তি আহত হয়েছেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৮ জন নিহত এবং আরও ২০৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। 

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক বিল বার্নস কাতারের রাজধানী দোহা সফরে যাচ্ছেন। বুধবার সেখানে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করবেন তিনি। 

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, বার্নস কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন। এই আলোচনা মূলত কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা নিয়ে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক ইতোমধ্যে দোহায় রয়েছেন এবং কাতার, মিশর ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন। 

হামাস লিখিত এক বিবৃতিতে দোহায় চলমান আলোচনাকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে উল্লেখ করেছে। তবে তারা সতর্ক করেছে, ইসরায়েল যদি নতুন শর্ত আরোপ বন্ধ না করে, তবে চুক্তি সম্পন্ন হওয়া সম্ভব হবে না। 

অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সামরিক শাখায় প্রায় চার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক কমান্ডাররা। তাদের দাবি, গাজার ওপর চালানো বিধ্বংসী হামলার মধ্যেও এটি সংঘটিত হয়েছে। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন