গাজাগামী সর্বশেষ নৌযানটিও আটক করল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৪:৩৮
অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সর্বশেষ নৌযানটিও আটক করেছে দখলকার ইসরায়েলি বাহিনী।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের কাছে ইসরায়েলি কমান্ডোরা বলপূর্বক এ জাহাজে প্রবেশ করে সেটির নিয়ন্ত্রণ নেয়। খরব কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র।
পোল্যান্ডের পতাকাবাহী এ নৌযানটির নাম ‘দ্য ম্যারিনেট’। এতে ছয়জন আরোহী ছিলেন। যাদের মধ্যে তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু অন্যতম।
ঘটনাটির সময় একটি লাইভস্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বাহিনী জোরপূর্বক জাহাজটির নিয়ন্ত্রণ নিচ্ছে।
এর আগে এক ভিডিও বার্তায় যাত্রীরা জানিয়েছিলেন, তারা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছেন। এ সময় তারা বলেন, ‘আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।’
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আয়োজকরা জানান, নৌবহরের ৪২টি জাহাজকে অবৈধভাবে আটক করা হয়েছে। আরোহীদেরও গ্রেপ্তার করা হয়েছে। এরপরও ‘দ্য ম্যারিনেট’ এগিয়ে চলছিল। আয়োজকরা জাহাজটিকে ‘ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা’র প্রতীক হিসেবে অভিহিত করেছিলেন।
এমবি

