সিরিয়া কোনো দেশের জন্য হুমকি নয় : আল-শারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫
ছবি : সংগৃহীত
ক্রমাগত যুদ্ধের কারণে সিরিয়া এখন ক্লান্ত। দেশটি বিশ্ব বা প্রতিবেশী কোনো দেশের জন্য হুমকি নয় বলে দাবি করেছেন সিরিয়ার বর্তমান ডি ফ্যাক্টো শাসক আহমেদ আল-শারা (আল-জোলানি)।
রাজধানী দামেস্কে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়া বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান আল-শারা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দ্রুত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা উচিত। কারণ সেগুলো ছিল পুরোনো শাসনের বিরুদ্ধে। ভুক্তভোগী আর নিপীড়ককে এক কাতারে রাখা উচিত নয়।’
তার নেতৃত্বে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপটি আসাদ সরকারের বিরুদ্ধে আক্রমণ চালায়। মাত্র দুই সপ্তাহের কম সময়ে তারা বাশার আল-আসাদের শাসনকে উচ্ছেদ করে।
আল-শারা দাবি করেন, এইচটিএস কোনো সন্ত্রাসী গ্রুপ নয়। তারা কোনো বেসামরিক নাগরিককে হত্যা করেননি এবং কোনো বেসামরিক এলাকায় হামলাও চালায়নি।
সিরিয়া কি আফগানিস্তানের মতো দেশে পরিণত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সিরিয়া আফগানিস্তানের মতো হবে না। প্রত্যেকেটি দেশের ভিন্ন ভিন্ন ঐতিহ্য রয়েছে। আফগানিস্তানের উপজাতিভিত্তিক সমাজ ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু সিরিয়ায় সেটা ভিন্ন।
আল-শারা নারীদের পড়াশোনায় বিশ্বাসী। তিনি ২০১১ সাল থেকে তাদের দখলে থাকা ইদলিব প্রদেশের নারী শিক্ষার বিষয়টি উল্লেখ করে বলেন, আমরা ইদলিবে আট বছর ধরে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছি। আমার মনে হয়, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ৬০ শতাংশের বেশি নারী শিক্ষার্থী রয়েছেন।
মদপানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমি এখনই কোনো মতামত দিতে পারি না, কারণ এগুলো আইনি বিষয়।
তিনি আরও বলেন, সিরিয়ার সংবিধান নতুনভাবে তৈরির জন্য আইন বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি থাকবে। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যেকোনো শাসক বা প্রেসিডেন্টকে সংবিধান মেনে চলতে হবে।
উল্লেখ্য, হায়াত তাহরির আল-শামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ। কারণ এটি আল-কায়েদার ছত্রছায়ায় যাত্রা শুরু করেছিল। তবে ২০১৬ সালে তারা আল-কায়েদার মতাদর্শ থেকে সরে আসে।
যদিও অনেক সিরিয়ান এখনো আল-শারাকে বিশ্বাস করে উঠতে পারছেন না। তবে, আগামী কয়েক মাসে সিরিয়ার নতুন শাসকদের কর্মকাণ্ড বলে দেবে তারা সিরিয়াকে কোন ধরনের দেশ হিসেবে দেখতে চায়। তারা যেভাবে শাসন করতে চায় সিরিয়া সেটার জন্য তৈরি কিনা সময়ই বলে দেবে।
এসবি/ওএফ

