চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন দুই মার্কিন ও এক জাপানি বিজ্ঞানী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৬:০৯
চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাগাগুচি। তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে করা গুরুত্বপূর্ণ গবেষণার জন্য।
পেরিফেরাল ইমিউন টলারেন্স হল রোগ প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদানের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া (immune response) সৃষ্টি হওয়া রোধ করা হয়।
বাংলাদেশ সময় সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা)। যেসব ক্ষেত্রে একাধিক নোবেলজয়ী থাকবেন, সেখানে এই অর্থ ভাগ করে দেওয়া হবে।
প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। পদার্থবিজ্ঞান ও রসায়নের নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।
এমএইচএস

