বধূবেশে বাইক চালিয়ে বর খুঁজতে বের হলেন নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২২
ছবি : সংগৃহীত
ব্যস্ত রাস্তায় একের পর এক গাড়ি ছুটে চলেছে। বাইক নিয়ে সেই রাস্তায় নেমে পড়েছেন এক তরুণী। পরনে তার লাল লেহেঙ্গা ও মাথায় বিয়ের ওড়না। বধূবেশেই রাস্তায় বর খুঁজতে বেরিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও।
‘ইটজতুবা৪৪’ নামের অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করা হয়েছে। তুবা পাশা নামের সেই তরুণী নিজের ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, লাল লেহেঙ্গা পরে তুবা বাইক চালাচ্ছেন। সাথে বেজে চলেছে নব্বইয়ের দশকে মুক্তিপ্রাপ্ত ‘হাম হ্যায় রাহি পেয়্যার কে’ ছবির ‘বোম্বাই সে গ্যায়ি পুনা’ গানটি। ভারতীয় কণ্ঠশিল্পী অলকা ইয়্যাগ্নিকের গাওয়া গানটিই অনবরত বেজে চলেছিল ভিডিওতে। তরুণীর বধূবেশে বাইক চালানোর এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করছিলেন পথযাত্রীদের অনেকেই।
ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিওটি দেখে নেটিজেনদের একাংশ মনে করেছেন যে, বিয়ের মণ্ডপ থেকে চলে এসেছেন সেই তরুণী। আবার অধিকাংশের দাবি, বাইক চালিয়ে রাস্তায় বর খুঁজতে নেমে পড়েছেন তিনি।
তবে জানা গেছে সেই তরুণী মাঝেমধ্যেই এই ধরনের ভিডিও তৈরি করেন। সেসব ভিডিওতে নানা ধরনের জমকালো পোশাক পরে বাইক চালাতে দেখা যায় তাকে।
সূত্র : আনন্দবাজার।
এসবি

