গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনায় রাজি ইসরায়েল ও হামাস : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
গাজায় যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফায় সমঝোতায় পৌঁছেছে ইসরায়েল ও হামাস। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৮ অক্টোবর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘শান্তি চুক্তির অর্থ হলো খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। এটি শক্তিশালী, টেকসই ও স্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ।’
গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। ইসরায়েল ও হামাস উভয়ই এতে ইতিবাচক সাড়া দেয়। এর পরিপ্রেক্ষিতে মিসরের শারম আল শেখে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। বুধবার ছিল এ আলোচনার তৃতীয় দিন। এতে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মধ্যস্থতাকারীরাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপের সব বিধান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চুক্তি হয়েছে। এর ফলে ইসরায়েলি জিম্মিরা দেশে ফিরবে, ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পাবে এবং গাজায় খাবার প্রবেশ করবে।’
হামাসও এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তি গাজার যুদ্ধের অবসান ঘটাবে, দখলদার বাহিনীর সৈন্য প্রত্যাহার নিশ্চিত করবে এবং উভয় পক্ষের বন্দিবিনিময় বাস্তবায়ন করবে। সংগঠনটি আরও বলেছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে যাবে।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েলের জন্য আজ একটি মহান দিন। এর ফলে জিম্মিরা তাদের বাড়ি ফিরবে।’ তিনি ইসরায়েলি সেনাবাহিনী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে ১ হাজার ২১৯ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। তাদের মধ্যে এখনো ৪৭ জন জিম্মি আছেন, যার মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
ওই দিন থেকেই গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত দুই বছরে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৬৭ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০ হাজার ১৭৯ জন শিশু।
এমএইচএস

