Logo

আন্তর্জাতিক

সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মেয়ে ডরিনের ডিএনএ মিলেছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪

অ
সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মেয়ে ডরিনের ডিএনএ মিলেছে

ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রে জানা গেছে, ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে দুটি নমুনা পাঠানো হয়েছিল। সে দুটি নমুনারই ডিএনএ মিলে গেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় গিয়েছিলেন। তখন তার ডিএনএর নমুনা নেওয়া হয়। তারপর দুটি নমুনাই যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল। 

প্রসঙ্গত, চিকিৎসার জন্য গত ১২ মে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছিলেন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বন্ধু গোপাল বিশ্বাসের উত্তর ২৪ পরগনার বরানগরের বাড়িতে উঠেছিলেন তিনি। পরের দিন ডাক্তার দেখাতে যাচ্ছেন বলে বের হয়ে আর ফেরেননি। পরে বন্ধুকে হোয়াটসঅ্যাপ করে জানান, বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন। 

এরপর ১৫ মে আবারও বন্ধুকে হোয়াটসঅ্যাপ করে জানান, আমার সঙ্গে ভিভিআইপিরা আছেন। যোগাযোগ করার দরকার নেই। বাংলাদেশে ব্যক্তিগত সচিবকেও সেটি ফরওয়ার্ড করেন। এরপর থেকে তাকে ফোনে আর পাওয়া যায়নি। ১৭ মে আনারের মেয়ে বাবার বন্ধুকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেন। ১৮ মে গোপাল বিশ্বাস বরানগর থানায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। বিষয়টি কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে জানানো হয়। তারপর তার খোঁজে তল্লাশি শুরু হয় এবং পশ্চিমবঙ্গ সিআইডি তদন্ত ভার নেয়। 

এর কয়েক দিন পর দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় এলাকার বাগজোলা খালে তল্লাশি চালিয়ে খালের পাড় থেকে উদ্ধার হয় তার খণ্ড খণ্ড হাড়ের টুকরো। পরে নিউ টাউনের সঞ্জিবা গার্ডেনের যে ফ্ল্যাটে তাকে খুন করা হয়েছিল বলে অভিযোগ, সেখানকার সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরো উদ্ধার করে সিআইডি। নমুনা পরীক্ষা করে তারা নিশ্চিত হয় উদ্ধার হওয়া মাংস মানুষেরই।

ঘটনার তদন্তে নেমে সিআইডি ইতোমধ্যে সাত জনকে গ্রেফতার করেছে। যদিও মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন পলাতক। নমুনা নিয়ে নিশ্চিত হওয়ার পর আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিনকে ডিএনএর নমুনা দেওয়ার জন্য আসতে বলা হয়। কিন্তু জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নভেম্বরে ভারতে গিয়ে নমুনা দেন ডরিন। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন