Logo

আন্তর্জাতিক

গাজা ও লেবাননে ইসরায়েলের বিমান হামলায় শতাধিক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৮

অ
গাজা ও লেবাননে ইসরায়েলের বিমান হামলায় শতাধিক নিহত

ছবি : সংগৃহীত।

গাজা ও লেবাননজুড়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় গাজার অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি, লেবাননে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলেই নিহত হয়েছেন কমপক্ষে ৪২ জন।

এর ফলে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৫৬১ ফিলিস্তিনি।

অন্যদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে ৫৩ জন নিহত এবং আরও ১৬১ জন আহত হয়েছেন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

এদিকে হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ১০৩ জন নিহত এবং প্রায় ১৪ হাজার মানুষ আহত হয়েছেন।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন