মেক্সিকোতে গাড়ি থেকে ২ শিশুসহ ১১ জনের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৪
ছবি : সংগৃহীত।
মেক্সিকোতে একটি গাড়ি থেকে ২ শিশুসহ ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি শহরে এই ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, দক্ষিণ মেক্সিকোর চিলপানসিঙ্গো শহরে একটি গাড়ির ভেতর থেকে দুই শিশুসহ ১১ জনের দেহাবশেষ পাওয়া গেছে।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি এবং মামলাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রদেশটির অ্যাটর্নি জেনারেল।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মৃতদেহ সম্বলিত গাড়িটি আকাপুলকোর একটি মহাসড়কে পাওয়া গিয়েছে। স্থানীয় সময় গত বুধবার রাতে একটি পরিত্যক্ত পিক-আপ ট্রাকের বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর পর পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়।
প্রশান্ত মহাসাগরীয় উপকূল চোরাচালান রুটে অবস্থানের কারণে গুয়েরেরো মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশ হিসেবে পরিচিত। গত বছর এই প্রদেশে ১৮৯০টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে।
এছাড়া মেক্সিকোতে গত ২ জুনের নির্বাচনের দৌঁড়ে থাকা কমপক্ষে ছয়জন প্রার্থী নিহত হয়েছেন। গত মাসে চিলপানসিঙ্গোর মেয়র আলেজান্দ্রো আরকোসকে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে শিরশ্ছেদ করা হয়েছিল।
সরকারি পরিসংখ্যান অনুসারে, উত্তর আমেরিকার এই দেশটির সরকার মেক্সিকান সামরিক বাহিনীকে মাঠে নামিয়ে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরু করার পর ২০০৬ সাল থেকে সারা দেশে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও কয়েক হাজার।
এসবি

