Logo

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হলেন সুসি উইলস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩১

অ
হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হলেন সুসি উইলস

ছবি : সংগৃহীত।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে সুসি উইলসকে নিয়োগ দিয়েছেন। ৬৭ বছর বয়সী সুসি আমেরিকার ইতিহাসের প্রথম নারী হিসেবে এই পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) গুরুত্বপূর্ণ এই পদে সুসির নাম ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন হলেন সুসি।

শুক্রবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের আগেই তার প্রশাসন সাজানোর কাজ শেষ করবেন। এজন্য তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের জন্য তার পছন্দের ব্যক্তিদের বাছাই করে তাদের নাম ঘোষণা করবেন। এ পর্যায়ে প্রথমেই তিনি সুসির নাম ঘোষণা করলেন।

সুসিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে বেছে নেওয়ার বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প। বিবৃতিতে তিনি বলেন, সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। তিনি সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন একজন মানুষ। তিনি যে যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন, তা নিয়ে তার কোনো সন্দেহ নেই।

সুসি ফ্লোরিডাভিত্তিক রাজনৈতিক কৌশলবিদ। তিনি এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্রিস লাসিভিটার সঙ্গে একত্রে ট্রাম্পের প্রচার কার্যক্রম-সংক্রান্ত ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পের পক্ষে প্রচার কার্যক্রম চালিয়ে ক্রিস ও সুসি উভয়েই প্রশংসা পাচ্ছেন। বলা হচ্ছে, ট্রাম্পের আগের প্রচারাভিযানগুলোর তুলনায় এবারের প্রচারাভিযান ছিল অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ। নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে দেওয়া ভাষণে ট্রাম্প নিজেও এই দুজন ব্যবস্থাপককে ধন্যবাদ জানিয়েছেন।

গত মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করেন ট্রাম্প। এরপর থেকে ফ্লোরিডার পাম বিচে তার মালিকানাধীন মার-এ-লাগো ক্লাবে সময় কাটাচ্ছেন ট্রাম্প।

প্রসঙ্গত, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক (গেটকিপার) হিসেবে কাজ করেন। তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করেন। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকেন।  

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন