প্রতিরক্ষা চুক্তি করল ভারত-যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৬:৪৭
১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে কাঠামোগত এ চুক্তি করেছে দেশ দুটি।
শুক্রবার (৩১ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠকের পর এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।
হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, এ চুক্তি দুই দেশের মধ্যে ‘সমন্বয়, তথ্য আদান-প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা’ আরও জোরদার করবে। পাশাপাশি এটি ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও ডিটারেন্স বা উত্তেজনা প্রশমন সক্ষমতা বৃদ্ধিতেও’ ভূমিকা রাখবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্সে লিখেছেন, কুয়ালালামপুরে হেগসেথের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা একটি ১০ বছর মেয়াদি বড় আকারের ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারত্ব ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছি। এটি আমাদের বিদ্যমান প্রতিরক্ষা অংশীদারত্বে নতুন যুগের সূচনা। প্রতিরক্ষা সহযোগিতা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম স্তম্ভ হিসেবে থাকবে। স্বাধীন, উন্মুক্ত ও সুশৃঙ্খল ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র ও ভারতের চুক্তিটি এমন একসময় হলো, যখন দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। রাশিয়ার জ্বালানি তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে এখন ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
এমবি

