ট্রাম্পের জয়ে হতাশ মাস্কের রূপান্তরকামী সন্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৪১
নির্বাচনে জিতে দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন টেসলা-কর্তা ইলন মাস্ক। তাই জয়ের পরে মাস্ককে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাস্ককে 'নতুন তারকা' বলেও উল্লেখ করেন তিনি।
তবে বাবার বিপরীতে হাঁটছেন ইলন মাস্কের মেয়ে ভিভিয়ান উইলসন। জেভিয়ার আলেকজান্ডার মাস্ক তথা ভিভিয়ান উইলসন জন্মসূত্রে পুরুষ হলেও লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন। বদলে নিয়েছেন নিজের নাম। সর্বোপরি, বাবা ইলন মাস্কের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন।
এরই মধ্যে আমেরিকায় আর কোনও ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না মন্তব্য করে দেশ ছাড়তে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন ভিভিয়ান।
বুধবার ট্রাম্পের জয়ের পরেই মেটা-র থ্রেডস প্ল্যাটফর্মে নিজের মতামত লেখেন ভিভিয়ান। তিনি লেখেন, 'আমি কিছুদিন ধরেই এটা ভাবছিলাম, কিন্তু গতকাল আমি নিশ্চিত হয়ে গিয়েছি। আমেরিকায় আর আমার কোনও ভবিষ্যৎ আছে বলে মনে হচ্ছে না।'
তিনি আরও লেখেন, 'ডোনাল্ড ট্রাম্প যদিও মাত্র চার বছরের জন্য ক্ষমতায় আছেন, তবে এর মধ্যে রূপান্তরকামী-বিরোধী আইনের বদল আসবে না। কারণ যারা স্বেচ্ছায় তাকে ভোট দিয়েছেন তারা এই বিষয়েও সহমত হবেন তার সঙ্গে।'
ভিভিয়ান আমেরিকা ছাড়ার কথা লিখতেই এক্সে (সাবেক টুইটার) তার পাল্টা জবাব দেন মাস্ক। তিনি লেখেন, 'জাগ্রত হওয়ার পরে আমার ছেলে মৃত।'
সেই স্ক্রিনশট আবার শেয়ার করেন ভিভিয়ান। তিনি লেখেন, 'আপনি এখনও কান্নাকাটির গল্প ফেঁদে যাচ্ছেন যে কীভাবে আমি 'সংক্রামিত' হয়েছি। এই জন্যই সবাই আমায় ঘৃণা করে। দয়া করে এটা করবেন না... আমি সবসময়ই আক্রান্ত হয়ে থেকে গেছি।'
বাবাকে আক্রমণ করে ভিভিয়ান আরও লেখেন, 'আপনি আসলে হতাশ, কারণ দিনের শেষে আপনার চারপাশে থাকা সবাই জানে যে আপনি আদতে পাগল এবং সবসময় অন্যকে নিজের মর্জিমতো নিয়ন্ত্রণ করতে চান। আপনি ৩৮ বছর ধরেও পরিণত হননি। তাতে আমার কিছু যায় আসে না।'
ধনকুবের মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ছয় সন্তান। তাদের মধ্যেই একজন এই ভিভিয়ান উইলসন। ২০০৮ সালে ইলন মাস্কের সঙ্গে বিয়ে ভেঙে যায় জাস্টিন উইলসনের। তারপর থেকে মায়ের সঙ্গেই রয়েছেন জেভিয়ার। তখন তার বয়স মাত্র চার। সেই থেকেই বাবার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার।
প্রসঙ্গত, ২০২০ সালে ইলন মাস্ক রূপান্তরকামীদের নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছিলেন, 'আমি ট্রান্সদের সমর্থন করি, কিন্তু এই সমস্ত জিনিসগুলো একটি দুঃস্বপ্নের মতো।'
এরপর, বছর দুয়েক আগে রিপাবলিকান পার্টির প্রতি নিজের সমর্থন ঘোষণা করেছিলেন স্পেস এক্স সিইও মাস্ক। এই রিপাবলিকানরাই গোটা দেশজুড়ে রূপান্তরকামীদের ক্ষমতা সীমিত করার আইন প্রস্তাব করেছিল।
২০২২ সালের এপ্রিল মাসেই বাবা ইলন মাস্কের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা আদালতে জানিয়েছিলেন জেভিয়ার। পিটিশনে জাস্টিন উইলসনের নাম তার মা হিসেবে উল্লেখ করেন জেভিয়ার। তিনি বলেন, 'আমার জন্ম নিবন্ধনপত্রে লিঙ্গের জায়গায় পুরুষ উল্লেখ করা রয়েছে। কিন্তু, লিঙ্গ পরিবর্তনের পর বর্তমানে আমি একজন নারী। নতুন পরিচয়পত্রে আমি বাবার উল্লেখ চাই না। আমার নাম ভিভিয়ান, পদবী উইলসন।'
ভিভিয়ানের অভিযোগ, সেই থেকেই তাকে নানা ভাবেই হেয় করে চলেছেন তার বাবা ইলন মাস্ক। বারবারই বলেছেন, তার ছেলে তার কাছে মৃত। ভিভিয়ানও বাবাকে কথা শোনাতে ছাড়েননি। 'ঠান্ডা ও নিষ্ঠুর’' প্রকৃতির ব্যক্তি বলেই বারবার সম্বোধন করেছেন বাবা মাস্ককে।
সূত্র : দ্য ওয়াল, এনডিটিভি।
এসবি

