বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম দেড় বছরে সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৩০
প্রতিকী ছবি/সংগৃহীত।
প্রায় দুই বছর কম-বেশি স্থিতিশীল থাকার পর আবারও ঊর্ধ্বমুখি খাদ্যপণ্যের দাম। বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ।
শুক্রবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি নিরাপত্তা বিষয়ক অঙ্গসংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও)।
বিবৃতিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে সার্বিকভাবে বিশ্বে খাদ্যপণ্যের দাম বেড়েছে ২ শতাংশ। ২০২৩ সালের অক্টেবরে বিশ্বে খাদ্যপণ্যের যে দাম ছিল, তার তুলনায় চলতি ২০২৪ সালের অক্টোবরে তা বৃদ্ধি পেয়েছে অন্তত ৫ দশমিক ৫ শতাংশ।
এফএওর তথ্য অনুযায়ী, মাংস ব্যতীত প্রায় সবধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্য তেলের দাম। বিবৃতিতে বলা হয়েছে, অক্টোবরে ভোজ্য তেলের দাম বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।
এছাড়া দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ, যা শতকরা হিসেবে ২০২৩ সালের অক্টোবরের তুলনায় ২১ দশমিক ৪ শতাংশ বেশি, চিনির দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ এবং সিরিয়েলের দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ।
অন্যদিকে, মাংসের দাম কমেছে গত অক্টোবরে। এফএওর খাদ্য সূচক বলছে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে বৈশ্বিক বাজারে মাংসের দাম হ্রাস পেয়েছে দশমিক ৩ শতাংশ। তবে তারপরও গত মাসে গড়ে যে দামে মাংস ক্রয়-বিক্রয় হয়েছে, তা ২০২৩ সালের অক্টোবরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বেশি।
সূত্র : এএফপি, ফিন্যানন্সিয়াল টাইমস।
এসবি

