Logo

আন্তর্জাতিক

মাহমুদ-ট্রাম্পের ফোনালাপ, চলমান যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৪

অ
মাহমুদ-ট্রাম্পের ফোনালাপ, চলমান যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি

মাহমুদ আব্বাস এবং ডোনাল্ড ট্রাম্প/ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে ফোনালাপ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা।

ফিলিস্তিনি কর্তৃপক্ষে বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ‘যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন’ এবং এই অঞ্চলে উত্তেজনা কমাতে পদক্ষেপ নেবেন।

শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে টাইমস অব ইসরায়েল।

তবে এই বিবৃতিতে ট্রাম্পের পরিকল্পনার সুনির্দিষ্ট বিষয়ে আরও বিশদ বিবরণ দেওয়া হয়নি। এবং তিনি যুদ্ধ বন্ধে কী পদক্ষেপ নিতে চান তা এখনও স্পষ্ট নয়।

নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। অভিনন্দনবার্তায় তিনি বলেছেন, গাজা এবং আল আকসা অঞ্চলে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী।

এর আগে ট্রাম্প তার নির্বাচনী প্রচারে তিনি হোয়াইট হাউজে ফিরলে গাজায় ইসরায়েল-হামাস এবং লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করবেন বলে জোর দাবি করেছিলেন। কিন্তু কীভাবে এ যুদ্ধ বন্ধ করবেন, সে বিষয়ে কোনো কিছু বলেননি।

তবে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প নিজেকে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবেও দাবি করেন, এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি গাজায় হামাসের বিরুদ্ধে বাদবাকি ‘কাজ শেষ করবেন’।

গতবারের শাসনামলে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতিসহ বিতর্কিত নীতি তৈরি করেছিলেন ট্রাম্প। ইসরাইলকে থামিয়ে কীভাবে ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করবেন, তার সম্ভাব্য ভূমিকার বিষয়ে জল্পনা চলছে।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন