ইয়েমেনে ইসরায়েলি হামলা, আক্রমণের শিকার ডব্লিউএইচও প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২
ছবি : সংগৃহীত
ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। তবে এই হামলায় দুজন নিহত হয়েছেন। এছাড়া তাকে বহনকারী উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইয়েমেনে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দি রয়েছেন, তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচও প্রধান। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন করতেও সেখানে গিয়েছিলেন তিনি।
ইসরায়েলের এ হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এসব তথ্য জানিয়ে একটি পোস্ট করেন ডব্লিউএইচও প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস।
পোস্টে তিনি বলেন, ইসরায়েলের হামলায় আমাদের উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে।
হামলার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, এখানে আমাদের কাজ শেষ হয়েছে। আমরা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছি তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
এই হামলার একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে বলেন, বিমানবন্দরে ছয়টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও।
উল্লেখ্য, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালানোর একদিন পরই পাল্টা এই হামলা চালালো ইসরায়েল।
এসবি

