নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল হোটেলে থাই নারীর সঙ্গে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:০৬
ছবি : সংগৃহীত
থাইল্যান্ডে ছয় মাস ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশির সন্ধান মিলেছে। আবু আল-কাসিম (৩০) নামের এই যুবক দেশটিতে যাওয়ার পর ছয় মাস ধরে তার পরিবারের কাছ থেকে নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব ব্যাংককের এক হোটেল থেকে মাদক রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ন্যাশন থাইল্যান্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে যাওয়ার পর ছয় মাস ধরে নিজের পরিবারের কাছে নিখোঁজ থাকা এক বাংলাদেশিকে অবশেষে বৃহস্পতিবার থাই অভিবাসন পুলিশ খুঁজে পেয়েছে এবং শুধু মাদক সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
থাইল্যান্ডের ব্যাংককের বাং না-তে একটি হোটেলের নবম তলার একটি কক্ষে এক থাই নারীর সাথে থাকা অবস্থায় তাকে খুঁজে পেয়েছে থাইল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে প্রায় ২ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (বরফ) উদ্ধার করা হয়।
ইমিগ্রেশন ডিভিশন ১-এর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আল-কাসিম ছয় মাসেরও বেশি আগে থাইল্যান্ডে আসেন কিন্তু তারপর বাংলাদেশে তার আত্মীয়দের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তার পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী, তিনি এই বছরের মে মাসে থাইল্যান্ডে প্রবেশ করেছিলেন এবং ইতোমধ্যেই তার ট্যুরিস্ট ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে।
পুলিশ বলেছে, বাংলাদেশি এই যুবক মাদকদ্রব্য রাখার কথা স্বীকার করেছে এবং বলেছে, থাইল্যান্ডে বিদ্যমান স্বাধীনতায় তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি মাদকের দিকে ঝুঁকে যান।
সংবাদমাধ্যম বলছে, হোটেলে খুঁজে পাওয়ার পর আবু আল-কাসিমকে ব্যাং না থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য রাখার ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও থাইল্যাণ্ডে অবস্থানের অভিযোগ আনা হয়েছে।
এসবি

