Logo

আন্তর্জাতিক

নতুন ট্রাম্প প্রশাসনে থাকছেন না নিকি হ্যালি ও মাইক পম্পেও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:২২

অ
নতুন ট্রাম্প প্রশাসনে থাকছেন না নিকি হ্যালি ও মাইক পম্পেও

মাইক পম্পেও এবং নিকি হ্যালি/ছবি : সংগৃহীত।

প্রথম দফায় দুই মেয়াদ ক্ষমতায় থাকার চার বছর পর দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের চেয়ারে বসছেন তিনি। এর আগেই নতুন প্রশাসন গঠনের কাজও করছেন। তার প্রশাসনে কারা থাকছেন তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে নানা তথ্য।

তবে নতুন প্রশাসনে থাকছেন না রিপাবলিকান দলের নেতা ও প্রেসিডেন্ট পদে তার সাবেক প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, বর্তমান প্রশাসনে যোগদানের জন্য সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেওকে আহ্বান জানানো হবে না। আগে তাদের সঙ্গে কাজ করার মাধ্যমে প্রচুর উপভোগ করেছি।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন সাউথ ক্যারোলিনার সাবেক গর্ভনর নিকি হ্যালি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তবে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী হওয়ায় ট্রাম্প তার ব্যাপক সমালোচনা করেন। যদিও শেষ পর্যন্ত রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট প্রার্থী পদে টিকে থাকতে পারেননি হ্যালি।

অন্যদিকে মাইক পম্পেও ট্রাম্পের আগের প্রশাসনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর মাইক পম্পেই প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানের হয়ে লড়াই না করার ঘোষণা দিয়েছিলেন। তবে এর আগে তাকে রিপাবলিকান দলের গুরুত্বপূর্ণ একজন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেই বিবেচনা করা হয়েছিল।

সূত্র: ফক্স নিউজ।

এসবি  

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন