কানাডায় প্রথমবার বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:১২
ছবি : সংগৃহীত।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে এক ব্যক্তির শরীরে এইচ৫ বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে। শনিবার (৯ নভেম্বর) প্রথমবারের মতো এই রোগে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।
প্রদেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, কিশোর বয়সী সন্দেহভাজন এ রোগীকে একটি শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রদেশটিতে এ পর্যন্ত আর কোনো এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হননি। শনাক্ত হওয়া রোগী ‘খুব সম্ভবত’ কোনো পশু বা পাখির মাধ্যমে এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। সংক্রমণের উৎস ও সংশ্লিষ্ট রোগীর সংস্পর্শে কেউ এসেছেন কি না, সেসব বিষয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের একজন বনি হেনরি এক বিবৃতিতে বলেন, ‘এটি একটি বিরল ঘটনা। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ বা পুরো কানাডায় এইচ৫ বার্ড ফ্লুতে কারও আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। কানাডার বাইরে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে খুব অল্পসংখ্যক এমন রোগী শনাক্ত হয়েছেন।’
বনি হেনরি আরও বলেন, ‘আর এ কারণেই ব্রিটিশ কলাম্বিয়ায় এ রোগের সংক্রমণ উৎস উদঘাটনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছি আমরা।’
এসবি

