Logo

আন্তর্জাতিক

চীনে এআই চিপ সরবরাহ বন্ধ করার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:০৪

অ
চীনে এআই চিপ সরবরাহ বন্ধ করার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত।

চীনা গ্রাহকদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত উন্নত চিপ সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি) এই নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। এই নির্দেশনা সোমবার (১১ নভেম্বর) থেকে কার্যকর হবে।

রোববার (১০ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছ বার্তাসংস্থা রয়টার্স।

টিএসএমসি’কে একটি চিঠি পাঠিয়ে চীনের জন্য ৭ ন্যানোমিটার বা তার চেয়ে উন্নত ডিজাইনের চিপ রপ্তানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। এই চিপগুলো মূলত এআই অ্যাক্সিলারেটর এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট চালাতে ব্যবহৃত হয়।

কিছুদিন আগে টিএসএমসি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগকে জানায় যে, তাদের চিপ হুয়াওয়ের একটি এআই প্রসেসরে পাওয়া গেছে। যা রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘনের পরিচয় দেয়। টেক ইনসাইটস নামক একটি গবেষণা প্রতিষ্ঠান এই চিপটি হুয়াওয়ের প্রসেসরে শনাক্ত করেছিল।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে হুয়াওয়ে। সীমিত বাণিজ্য তালিকায় থাকা এই প্রতিষ্ঠানটির সাথে কোনো প্রযুক্তিজাত পণ্য রপ্তানির জন্য সরবরাহকারীদের লাইসেন্স নিতে হয়।

গত মাসে, টিএসএমসি হুয়াওয়ের এই প্রসেসরের সাথে মেলে এমন একটি চিপ পাওয়ার পর চীনভিত্তিক চিপ ডিজাইনার ‘সোফগো’কে তাদের চিপ সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তবে চিপটি কীভাবে হুয়াওয়ের ‘অ্যাসেন্ড ৯১০ বি’ প্রসেসরে যুক্ত হলো তা নিশ্চিত করা যায় নি। ২০২২ সালে উন্মোচন হওয়া এই চিপ চীনের সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে ধরা হয়।

এই নতুন নিষেধাজ্ঞা আরও অনেক কোম্পানির ওপর প্রভাব ফেলবে এবং যুক্তরাষ্ট্রকে হুয়াওয়ের জন্য চিপ সরবরাহ নিয়ে তদন্ত করতে সাহায্য করবে। এর ফলে, টিএসএমসি সোমবার থেকে চীনা গ্রাহকদের কাছে চিপ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে তাইওয়ানের অর্থনীতি মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, ‘টিএসএমসি নিয়মিতভাবে রপ্তানি নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা করেছে এবং এটি স্পষ্ট করেছে যে, তারা দেশীয় ও আন্তর্জাতিক বিধিমালা মেনে চলবে।’

টিএসএমসি-এর একজন মুখপাত্র জানায়, তারা একটি ‘আইন মেনে চলা কোম্পানি’ এবং সব প্রযোজ্য নিয়ম ও রপ্তানি নিয়ন্ত্রণ মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, বাণিজ্য বিভাগের এই চিঠি ‘ইনফর্মড’ চিঠি নামে পরিচিত। এটি যুক্তরাষ্ট্রকে কোম্পানিগুলোর ওপর দ্রুত রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করার সুযোগ দেয়। যার ফলে দীর্ঘ সময়ের নিয়ম প্রণয়ন প্রক্রিয়া এড়ানো যায়।

এর আগে ২০২২ সালে, মার্কিন বাণিজ্য বিভাগ এনভিডিয়া এবং এএমডির মতো চিপ নির্মাতাদের চীনে উন্নত এআই সম্পর্কিত চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

এছাড়া, ২০২৩ সালের জুলাই মাসে রয়টার্স একটি প্রতিবেদনে জানায়, বাইডেন প্রশাসন চীনে চিপ উৎপাদন সরঞ্জাম রপ্তানির নতুন নিয়ম প্রণয়ন করেছে এবং ১২০টি চীনা কোম্পানিকে বাণিজ্য বিভাগের সীমিত সত্ত্বা তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে। তবে, পরিকল্পনার পরেও সেসব নিয়ম এখনও প্রকাশিত হয়নি।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন