Logo

আন্তর্জাতিক

ভারতে এবার ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু, সতর্কতা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২০

ভারতে এবার ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু, সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

ভারতে এবার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বিহারের প্রশাসন সতর্কতা জারি করেছে।

জানা গেছে, রাজ্যের দারভাঙ্গা জেলার ভিগো এলাকায় হঠাৎ বিপুল সংখ্যক কাকের মৃত্যু ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মৃত পাখির নমুনা পরীক্ষার জন্য ভোপালের একটি পরীক্ষাগারে পাঠানো হলে উচ্চমাত্রার সংক্রামক বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

সংক্রমণ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পৌরসভা ও পশুপালন দপ্তরের দল নিরাপদ উপায়ে মৃত পাখি অপসারণের কাজ শুরু করেছে। পাশাপাশি আশপাশের পোলট্রি খামারগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং রক্ত পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চালানো হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, বার্ড ফ্লু মূলত ইনফ্লুয়েঞ্জা জাতীয় ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এর মধ্যে এইচ৫এন১ সবচেয়ে বিপজ্জনক। সাধারণত বন্য জলচর পাখির মধ্যে থাকে, তবে গৃহপালিত পাখির মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কখনো কখনো দীর্ঘ সময় সংক্রমিত পাখির সংস্পর্শে এলে মানুষের শরীরেও সংক্রমণ ঘটতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মানুষের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ খুবই বিরল হলেও মারাত্মক হতে পারে। জ্বর, কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যথা, চোখে জ্বালা—এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে যদি কেউ মৃত বা অসুস্থ পাখির সংস্পর্শে এসে থাকে।

রাজ্য সরকার সাধারণ মানুষকে মৃত বা অসুস্থ পাখি স্পর্শ না করার আহ্বান জানিয়েছে। কোথাও অস্বাভাবিকভাবে পাখির মৃত্যু হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পোলট্রি খামার ও বাজার এলাকায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর