পাকিস্তানে অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে টানা ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। রাজধানী কোয়েটাসহ বিভিন্ন জেলায় এ অভিযান চালানো হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তরের বরাতে এসব তথ্য জানা গেছে। খবর ডনের।
কর্তৃপক্ষ জানায়, গত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) কোয়েটাসহ বেলুচিস্তানের ১২টি শহরে হাসপাতাল, ব্যাংক, স্কুল ও মার্কেটসহ বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে একযোগে বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় মোট ৪৮ জন নিহত হন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, নিহত ৪৮ জনের মধ্যে ১৭ জন ছিলেন আইনপ্রয়োগকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্য এবং বাকি ৩১ জন বেসামরিক নাগরিক।
এদিকে শনিবার এক ব্রিফিংয়ে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী তালাল চৌধুরী বলেন, হামলার সময় হামলাকারীরা সবাই সাধারণ বেসামরিক পোশাক পরিহিত ছিল। এই ছদ্মবেশে তারা সহজেই জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে মিশে গিয়ে হামলা চালায়।
পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সরাসরি নির্দেশ ও মদদে এই হামলা চালানো হয়েছে।
মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, যখনই পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তখনই ভারতের নির্দেশে এ ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়।
বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। তাদের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা এক সেকেন্ডের জন্যও ছাড় দিতে প্রস্তুত নই। পাকিস্তানের এক ইঞ্চি জমিও তাদের ভাঙতে দেওয়া হবে না।
এমবি

