Logo

আন্তর্জাতিক

ভারতীয় পণ্যের শুল্ক কমছে, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯

ভারতীয় পণ্যের শুল্ক কমছে, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদী

ছবি: সংগৃহীত

ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভারতীয় পণ্যের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে।

তবে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। ফলে গত বছরের ২৭ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের মোট ৫০ শতাংশ শুল্ক কমে এখন ৪৩ শতাংশে নেমে আসছে বলে ধারণা করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুল্ক কমানোর সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, ‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে—এটি জেনে আমি আনন্দিত। এই দারুণ ঘোষণার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ।’

মোদী আরও লেখেন, ‘যখন দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন সাধারণ মানুষ উপকৃত হয়। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তির জন্য তাঁর প্রচেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে। আমাদের অংশীদারত্বকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, গত বছরের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। পরে তা আরও বাড়ানো হয়। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক’ বলে উল্লেখ করেছিল।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর