এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬
যুক্তরাষ্ট্রের আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। প্রতিনিধি পরিষদের হাউস ওভারসাইট কমিটির সামনে তাদের হাজিরা দেওয়া নিয়ে দীর্ঘ কয়েক মাসের অচলাবস্থার পর এই সিদ্ধান্ত এল।
কমিটির এক সহকারী স্থানীয় সময় সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জানান, ক্লিনটন দম্পতি তদন্ত কর্মকর্তাদের সামনে উপস্থিত হয়ে জবানবন্দি দেবেন। মূলত তাদের বিরুদ্ধে ‘কংগ্রেস অবমাননার’ অভিযোগে ভোটাভুটির প্রস্তুতির মুখে এই ঘোষণা দেওয়া হলো।
এর আগে ক্লিনটন দম্পতি এই কমিটির সমন অমান্য করার ঘোষণা দিয়েছিলেন। এমনকি তারা জানিয়েছিলেন, প্রয়োজন হলে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের হাতে কারাবরণের ঝুঁকি নেবেন, তবু ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এই সমন গ্রহণ করবেন না। চলতি বছরের শুরুতে নির্ধারিত জবানবন্দিতে তারা অনুপস্থিত থাকায় গত জানুয়ারিতে কমিটির দ্বিদলীয় সমর্থনে তাদের বিরুদ্ধে অবমাননা কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়।
বিল ও হিলারি ক্লিনটন শুরু থেকেই দাবি করে আসছেন, জেফ্রি এপস্টিনের যৌন অপরাধ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তারা এই সমনকে ‘অবৈধ্য’ এবং রিপাবলিকানদের ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই তাদের বিব্রত করার জন্য এই তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে।
তবে বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তারা এমন একটি নজির স্থাপন করতে চান যা সবার জন্যই প্রযোজ্য হবে।
১৯৮৩ সালে সাবেক প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিনটনই হবেন প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি কংগ্রেসনাল প্যানেলের সামনে সরাসরি সাক্ষ্য দেবেন। যদিও তারা কবে নাগাদ কমিটির সামনে হাজির হবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ এখনও জানানো হয়নি।
জেফ্রি এপস্টিনের ব্যক্তিগত বিমানের নথিতে দেখা গেছে, ২০০২ ও ২০০৩ সালে বিল ক্লিনটন বেশ কয়েকবার তার বিমানে যাতায়াত করেছিলেন। তবে এপস্টিনের নির্যাতনের শিকার কোনো ভুক্তভোগী এখন পর্যন্ত ক্লিনটনের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ তোলেননি।
কেই/এমএইচএস

