Logo

আন্তর্জাতিক

সংসদ সদস্য পদ থেকে বিল ব্লেয়ারের পদত্যাগ

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩২

সংসদ সদস্য পদ থেকে বিল ব্লেয়ারের পদত্যাগ

কানাডার সাবেক জ্যেষ্ঠ মন্ত্রী বিল ব্লেয়ার হাউস অব কমন্সের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানান, বিল ব্লেয়ারকে যুক্তরাজ্যে কানাডার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘ এক দশকের সংসদীয় রাজনীতির ইতি টেনে নতুন কূটনৈতিক মিশনে পদার্পণ করছেন তিনি।

একই ঘোষণায় জানানো হয়, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা নাথালি দ্রুইনকে ফ্রান্স ও মোনাকোতে কানাডার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিল ব্লেয়ার মূলত সাবেক হাইকমিশনার রালফ গুডেলের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাজ্যে কানাডার হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০১৫ সালে বৃহত্তর টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বিল ব্লেয়ার। এর আগে তিনি টরন্টো পুলিশ সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের মে মাস পর্যন্ত তিনি কানাডার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি জরুরি প্রস্তুতি, সীমান্ত নিরাপত্তা এবং সংগঠিত অপরাধ দমনসংক্রান্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।

চলতি বছর ক্ষমতাসীন লিবারেল পার্টির সংসদীয় বেঞ্চে এটি দ্বিতীয় শূন্যতা। এর আগে গত জানুয়ারিতে সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ইউক্রেন সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে পদত্যাগ করেছিলেন। বিল ব্লেয়ারের পদত্যাগের ফলে স্কারবরো সাউথওয়েস্ট ও ফ্রিল্যান্ডের শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বিশেষজ্ঞদের মতে, ব্লেয়ারের প্রস্থান কানাডার রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। বিশেষ করে টরন্টো প্রবাসী বাংলাদেশিদের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। তার নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি ভোটার থাকায় প্রবাসীদের সাথে তার নিবিড় সখ্যতা গড়ে উঠেছিল।

পদত্যাগের পর এক ফেসবুক পোস্টে বিল ব্লেয়ার জানান, ‘স্কারবরো সাউথওয়েস্টের জনগণের সেবক হিসেবে কাজ করতে পারা আমার জীবনের এক অসাধারণ সম্মান। যুক্তরাজ্যে কানাডার হাইকমিশনার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় আমি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। গত এক দশক ধরে সংসদে আপনাদের কণ্ঠস্বর হতে পেরে আমি গর্বিত।’ তিনি প্রধানমন্ত্রী কার্নি ও সাবেক প্রধানমন্ত্রী ট্রুডোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কানাডা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর