Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশজুড়ে গত তিন দিন ধরে চালানো এক চিরুনি অভিযানে অন্তত ২৫৫ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৯৭ জন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী এবং নিরাপত্তা বাহিনীর ২২ জন সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী ও স্থানীয় সংবাদমাধ্যম।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের বিভিন্ন দুর্গম এলাকায় এই ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯৭ জন সশস্ত্র বিদ্রোহী নিহতের পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীর ২২ সদস্য এবং আরও ৩৬ জন বেসামরিক নাগরিক ও হামলাকারী নিহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনী জানায়, গত কয়েক দিনে বেলুচিস্তানের মুসাখেল, কালাত ও মাস্তুংসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা ব্যাপক নাশকতা চালায়। তারা মহাসড়ক অবরোধ করে যাত্রীবাহী বাস ও ট্রাক থেকে নামিয়ে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী বড় ধরনের এই 'ক্লিয়ারেন্স অপারেশন' শুরু করে।

আইএসপিআর-এর দাবি অনুযায়ী, অভিযানে বিদ্রোহীদের বেশ কিছু আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে বিদ্রোহীদের পাল্টাহামলায় বেশ কয়েকজন সেনা সদস্য প্রাণ হারান এবং অনেকেই আহত হয়েছেন।

এদিকে, এই বড় ধরনের সেনা অভিযানের পর প্রদেশজুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেক এলাকায় এখনও ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে বেলুচিস্তানের অধিকতর স্বায়ত্তশাসন এবং খনিজ সম্পদের হিস্যার দাবিতে সশস্ত্র গোষ্ঠীগুলো সংগ্রাম চালিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিসি) সংশ্লিষ্ট প্রকল্প ও চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর