Logo

আন্তর্জাতিক

গাজার উদ্দেশে আবার যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৪

গাজার উদ্দেশে আবার যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা

ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলি হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে আবার যাত্রা শুরু করতে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ’ অ্যাড ফ্লোটিলা। আগামী ২৯ মার্চ স্পেনের বার্সেলোনা বন্দর থেকে এ যাত্রা শুরু হবে। এবারের মিশনে আন্তর্জাতিক অংশগ্রহণ আরও বিস্তৃত হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ফ্লোটিলার সক্রিয় সদস্য সুমেইরা আকদেনিজ ওর্ডু জানান, ঐতিহাসিক বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করে ফ্লোটিলাটি তিউনিসিয়া, ইতালি ও ভূমধ্যসাগরীয় বিভিন্ন বন্দর অতিক্রম করবে। এসব স্থান থেকে আরও অংশগ্রহণকারী এ অভিযানে যুক্ত হবেন।

তিনি বলেন, এবারের অভিযানে হাজার হাজার মানুষ অংশ নেবেন। তাঁদের মধ্যে এক হাজারেরও বেশি ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী থাকবেন। পাশাপাশি থাকবেন ইকো-নির্মাণকর্মী এবং যুদ্ধাপরাধ তদন্তকারীরা। আগের মিশনের তুলনায় এসব নতুন সংযোজন এবারের উদ্যোগকে আলাদা করেছে।

সুমেইরা আকদেনিজ ওর্ডু আরও বলেন, এটি ‘ট্রাম্প পরিকল্পনার বিকল্প’। কারণ, এ উদ্যোগের মাধ্যমে প্যালেস্টিনিয়ানরা নিজেদের দেশ পুনর্গঠনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সমুদ্রপথের এই অভিযানের পাশাপাশি একটি বৃহৎ ল্যান্ড কনভয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এক কর্মী জানান, এই মানবিক কনভয়ে চিকিৎসা সহায়তা, খাদ্য ও অন্যান্য জরুরি সামগ্রী বহন করা হবে। এতে ডাক্তার, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেবেন।

ল্যান্ড মিশনটি উত্তর আফ্রিকা থেকে শুরু হয়ে মিসরের মধ্য দিয়ে রাফাহ সীমান্তে পৌঁছাবে। এ ছাড়া দক্ষিণ এশিয়া থেকে আরেকটি ল্যান্ড কনভয় যাত্রা শুরু করবে, যার বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে।

আরেক কর্মী বলেন, তুর্কি জনগণ ফিলিস্তিন ও গাজাকে ভালোবাসে। তাঁদের কাছ থেকে ব্যাপক সহযোগিতার প্রত্যাশা রয়েছে এবং সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তাঁর সরকার পরবর্তী সুমুদ মিশনে সরাসরি অংশ নেবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসরায়েল গাজা শহর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর