Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫১

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার দুপুরে রাজধানীর তারলাই এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় মসজিদের ভেতর ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাচের টুকরা ও ধ্বংসাবশেষ। রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায় মসজিদের ভেতর ও বাইরের বাগানে। আহত মুসল্লিরা আতঙ্কে চিৎকার করতে করতে সাহায্যের জন্য ছোটাছুটি করেন।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের প্রকৃতি নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাপ্ত আলামত বিশ্লেষণ করে আত্মঘাতী বোমা হামলার আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের পরপরই জেলা প্রশাসন মসজিদ ও আশপাশের এলাকা ঘিরে ফেলে এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতের সংখ্যা বেশি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, এমন এক সময় ইসলামাবাদে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটল, যখন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিওয়েভ দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন। এই বিস্ফোরণ দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর