সুপার বোলে এপস্টিনের গোপন নথি প্রকাশের দাবিতে বিজ্ঞাপন
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৩
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। ফাইল ছবি
বিশ্বের অন্যতম ব্যয়বহুল ক্রীড়া আসর 'সুপার বোল'-এর বিজ্ঞাপনী বিরতিতে এবার জায়গা করে নিল মৃত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের গোপন নথি প্রকাশের দাবি। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে লক্ষ্য করে প্রচারিত এই বিজ্ঞাপনে এপস্টিন সংক্রান্ত যাবতীয় সত্য জনসমক্ষে আনার আহ্বান জানানো হয়েছে।
‘ওয়ার্ল্ড উইদাউট এক্সপ্লয়টেশন’ নামক একটি সংস্থার ব্যানারে প্রকাশিত ওই ভিডিওতে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সংস্থাটির মতে, এপস্টিন ও তার চক্রের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ‘৩০ লক্ষাধিক নথি’ এখনো সাধারণ মানুষের আড়ালে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি মার্কিন বিচার বিভাগ (ডিওজে) দাবি করেছিল যে, এপস্টিন মামলার সব নথির চূড়ান্ত অংশ প্রকাশ করা হয়েছে। কিন্তু রোববারের এই বিজ্ঞাপন সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ জানাল। অভিযোগ উঠেছে, প্রকাশিত নথিতে প্রচুর তথ্য 'রিড্যাক্ট' বা আড়াল করা হয়েছে, যা 'এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট'-এর পরিপন্থী।
বিজ্ঞাপনটিতে এপস্টিন ও তার সহযোগীদের দ্বারা নির্যাতিত বেশ কয়েকজন নারীকে দেখা যায়। তারা তাদের শৈশব ও কৈশোরের ছবি হাতে নিয়ে সত্য প্রকাশের দাবি জানান। ভিডিওতে তাদের সম্মিলিত কণ্ঠে বলতে শোনা যায় : ‘বহু বছর ভেঙে পড়ার পর আমরা আজ একসঙ্গে দাঁড়িয়েছি। আমাদের উত্তরসূরিদের সত্য জানার অধিকার আছে, আমরাও সত্য জানার যোগ্য।’
এই বিজ্ঞাপনটি প্রচারের পর মার্কিন রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার এবং আলোচিত ব্যক্তিত্ব মনিকা লিউইনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করেছেন।
চাক শুমার এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘এটিই সুপার বোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন। বিশ্বের সবচেয়ে বড় যৌন পাচার চক্রের অপরাধ ধামাচাপা দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়; এটি পুরোপুরি উন্মোচন করতে হবে।’
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার থেকেই মার্কিন কংগ্রেসের সদস্যরা বিচার বিভাগের একটি বিশেষ কক্ষে বসে এসব গোপন ও বিতর্কিত নথিগুলো পর্যালোচনা করার সুযোগ পাবেন। সেখানে আড়াল করা তথ্যগুলোতে প্রভাবশালী আরও কারো নাম বেরিয়ে আসে কি না, এখন সেটিই দেখার বিষয়।
এমএইচএস

