মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হলো ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ বিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫
ছবি: সংগৃহীত
মিয়ানমারের সামরিক জান্তাকে জবাবদিহির আওতায় আনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয়েছে ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ বিল। এর মাধ্যমে জান্তার ওপর চাপ বাড়ানো এবং দেশটির গণতন্ত্রপন্থি আন্দোলনে ওয়াশিংটনের সমর্থন আরও জোরদার হবে।
ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতাদের যৌথ উদ্যোগে উত্থাপিত এই বিলটি গত সোমবার পাস হয়েছে বলে মিয়ানমার কেন্দ্রিক সংবাদমাধ্যম মিজিমা ও ইরাবতী জানিয়েছে। গত বছরের মে মাসে মিশিগানের রিপাবলিকান আইনপ্রণেতা বিল হুইজেঙ্গা বিলটি ‘Bringing Real Accountability via Enforcement in Burma Act’ বা সংক্ষেপে ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ নামে উত্থাপন করেন।
প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিলটি এখন সিনেটে পাঠানো হবে। সেখানে অনুমোদিত হলে তা প্রেসিডেন্টের টেবিলে যাবে; প্রেসিডেন্ট স্বাক্ষর করলে এটি আইন হিসেবে প্রণীত হবে।
আইন প্রণীত হলে মার্কিন প্রেসিডেন্ট প্রতি বছর মিয়ানমারের তেল ও গ্যাস সংস্থা, মিয়ানমার ইকোনমিক ব্যাংক এবং দেশটির জেট-জ্বালানি খাতে নিষেধাজ্ঞার আরও কঠোর নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিতে পারবেন। এই ক্ষমতা আগামী সাত বছর পর্যন্ত কার্যকর থাকবে।
বর্তমান আইনে মিয়ানমারের নির্দিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, কর্মকর্তার পরিবার এবং তাদের পক্ষে কাজ করা বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনার ক্ষমতা রয়েছে মার্কিন প্রশাসনের। নতুন আইন অনুযায়ী এই নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩২ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি পাবে এবং আরও কঠোর করার পথ তৈরি হবে।

