Logo

আন্তর্জাতিক

ইরানকে ১০ দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬

ইরানকে ১০ দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প

পরমাণু চুক্তির জন্য ইরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ট্রাম্প এই কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত বছর ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে, তেহরানের হুমকি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করত। যুক্তরাষ্ট্রকে হয়তো এখন আরও এক ধাপ এগোতে হবে, অথবা একটি চুক্তিতে পৌঁছাতে হবে। আগামী ১০ দিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হবে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আলোচনার মাধ্যমে সমঝোতার জন্য চাপ প্রয়োগের পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌ মহড়া চালিয়েছে ইরান। এছাড়া হরমুজ প্রণালি বন্ধ করে মহড়া চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

এই উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক প্রস্তুতির আলামতও পাওয়া গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সংবেদনশীল পারচিন সামরিক স্থাপনার ওপর কংক্রিটের শক্ত আচ্ছাদন তৈরি করেছে ইরান। ধারণা করা হচ্ছে, আকাশপথের হামলা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবিতে আরও দেখা যায়, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নিমাণের পর মাটি ও কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। পাশাপাশি পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশেও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। এ সময় তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাসদস্যকে সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প ইরান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর