শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪
যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সম্প্রতি ট্রাম্পের আরোপিত একতরফা বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করে রায় দেন। আদালতের এ সিদ্ধান্তের ঠিক একদিন পরই নতুন করে শুল্ক বাড়ানোর ঘোষণা এলো।
এর আগে ট্রাম্প বলেছিলেন, আদালত যে শুল্ক বাতিল করেছেন তার পরিবর্তে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।
তবে সর্বশেষ ঘোষণায় সেই হার বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
শনিবার ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে, বিশ্বব্যাপী দেশগুলির ওপর আরোপিত ১০ শতাংশ শুল্ক বাড়াচ্ছি যা অবিলম্ব কার্যকর হবে, এসব দেশের অনেকে দশকের পর দশক ধরে কোনা উপযুক্ত শাস্তি ছাড়াই যুক্তরাষ্ট্রকে ‘ঠকাচ্ছে’ (আমি আসার আগ পর্যন্ত!), ১৫ শতাংশ স্তরটি সম্পূর্ণ অনুমোদিত ও আইনত পরীক্ষিত।
ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক শুল্কনীতি থেকে প্রায় ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
তবে অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিকস বলছে, সুপ্রিম কোর্টের রায়ের ফলে কার্যকর শুল্কের হার ১২ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত মার্কিন অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়াতে পারে। সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির সিনিয়র ফেলো র্যাচেল জিয়েম্বা বলেন, আদালতের রায় ট্রাম্প প্রশাসনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন চাইলেই দ্রুত শুল্ক কার্যকর করা কঠিন হবে।
এমবি

