আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪
সাম্প্রতিক হামলাগুলোর জেরে আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে পরিচালিত এ হামলায় দুটি প্রদেশ লক্ষ্যবস্তু ছিল বলে আফগান সূত্র জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে।
সূত্রের দাবি, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়। আরেকটি হামলা হয় নানগারহার প্রদেশে।
তবে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আফগানিস্তানের তালেবান সরকার।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইসলামিক স্টেট– সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।
পাকিস্তান সরকারের ভাষ্য, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতাদের নির্দেশনায় পরিচালিত হয়েছে—এমন ‘সুস্পষ্ট তথ্য’ তাদের কাছে রয়েছে।
পাকিস্তানের মন্ত্রণালয় দাবি করেছে, তাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে— রাজধানী ইসলামাবাদের মসজিদেসহ সাম্প্রতিক কয়েকটি হামলা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতা ও তাদের সহযোগীদের নির্দেশনায় হয়েছে।
এর আগে শনিবার রাতে খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগে এক আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন। তার কিছুক্ষণ পরই আফগানিস্তানের ভেতরে অভিযান চালায় পাকিস্তানি বাহিনী।
গত সোমবার বাজাউর এলাকায় নিরাপত্তা চৌকির কাছে অস্ত্রধারীর সহায়তায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এতে ১১ সেনা ও এক শিশু নিহত হয়। এ হামলায় আফগানিস্তানের এক নাগরিক জড়িত ছিল বলে দাবি করে পাকিস্তান।
এছাড়া গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হন।
এমবি

