শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১।
স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু থেকে প্রায় ১০০ কিলোমিটারের কম উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯.৮ কিলোমিটার।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা কম।
অন্যদিকে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি। সংস্থাটি জানিয়েছে, গভীর সমুদ্রতলে কম্পন হওয়ায় সুনামির আশঙ্কা নেই।
মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৬.৮ হিসেবে রেকর্ড করেছে। সংস্থাটি আরও জানায়, সাবাহের পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়েছে।
এমবি

