Logo

আন্তর্জাতিক

আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস ফের চালু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৯

আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস ফের চালু

ছবি: সংগৃহীত

দেড় বছরের বেশি সময় রাজনৈতিক অস্থিরতার পর আবার চালু হলো ভারত-বাংলাদেশ বাস সার্ভিস। পরীক্ষামূলকভাবে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রিপুরার আগরতলার কৃষ্ণনগর বাস ডিপো থেকে ঢাকার উদ্দেশে একটি বাস ছেড়ে যায়। পরে সেটি কলকাতায় যায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একইভাবে এই সার্ভিস চালু করা হয়।

আপাতত দু–তিন দিন পরীক্ষামূলকভাবে যাত্রা চলবে। পরিস্থিতি স্থিতিশীল হলে সপ্তাহে তিন দিন করে বাস চলাচল করবে।

এর আগে কলকাতা-আগরতলা বাস পরিষেবা চালু ছিল। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে সাময়িকভাবে সেবা বন্ধ রাখা হয়। সম্প্রতি বাংলাদেশে নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ব্যবস্থাপক মনোরঞ্জন দেবনাথ বলেন, ভিসা–সংক্রান্ত জটিলতাসহ অনিবার্য কিছু কারণে বাস সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার সেবা চালু করা হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশের নতুন সরকার গঠনের পর অনিশ্চয়তা কেটে গেছে। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক লক্ষণ। অন্য সমস্যাগুলোরও সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাস সেবা চালু হওয়ায় যাত্রীরাও সন্তোষ প্রকাশ করেছেন। আগরতলা থেকে যাত্রী লক্ষণ দাস বলেন, এই পরিষেবা চালু হওয়ায় দুই দেশই লাভবান হবে। কম খরচে সহজেই বাংলাদেশে যাতায়াত করা যাবে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে এবং আগের মতো সব ধরনের সেবা চালু হবে বলেও আশা করেন তিনি।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর