যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরান সংঘাতে সংযমের আহ্বান জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০০:৫৯
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম দেখিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।
জেনেভা থেকে এএফপি জানায়, শনিবার এক বিবৃতিতে তুর্ক বলেন, ‘আজ সকালে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তী সময়ে ইরানের পাল্টা হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যেকোনো সশস্ত্র সংঘাতে শেষ পর্যন্ত বেসামরিক মানুষই সবচেয়ে বেশি মূল্য দেয়।’
তিনি সতর্ক করে বলেন, এসব হামলার ফলে কেবল ‘মৃত্যু, ধ্বংস ও মানবিক দুর্ভোগ’ বাড়বে।
মানবাধিকার প্রধান বলেন, ‘বেসামরিক মানুষের জন্য ভয়াবহ পরিণতি এড়াতে আমি সংযমের আহ্বান জানাই এবং সব পক্ষকে যুক্তিবোধে ফিরে আসার, উত্তেজনা প্রশমিত করার এবং মাত্র কয়েক ঘণ্টা আগেও যেখানে সমাধানের চেষ্টা চলছিল সেই আলোচনার টেবিলে ফেরার অনুরোধ করছি।’

