Logo

আন্তর্জাতিক

খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব, নিহত ৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১৬:৪০

খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব, নিহত ৮

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন— এমন খবর শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর পাকিস্তানের বন্দরনগরী করাচিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সহিংস রূপ নিলে মার্কিন কনস্যুলেট চত্বরে তাণ্ডবের ঘটনা ঘটে। খবর এপি ও এএফপির।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, রোববার শত শত বিক্ষোভকারী করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা কনস্যুলেটে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালান। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে।

পুলিশের তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা কনস্যুলেটের দিকে পাথর নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে কনস্যুলেটের গেট ভাঙার চেষ্টা এবং ভবনের জানালা-দরজার কাচ ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। অভিযোগ রয়েছে, ভবনের কিছু অংশে আগুনও লাগানো হয়।

এদিকে ইদি ফাউন্ডেশন রেসকিউ সার্ভিসের মুখপাত্র মুহাম্মদ আমিন এএফপিকে জানান, সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। নিহতদের মরদেহ করাচির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিস্থিতির প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে কোনো হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন কিছু ঘটলে যুক্তরাষ্ট্র নজিরবিহীন শক্তি প্রয়োগ করে জবাব দেবে।

ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আয়াতুল্লাহ আলী খামেনি পাকিস্তান মার্কিন দূতাবাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর