Logo

আন্তর্জাতিক

বেঁচে আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ : উপদেষ্টা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:৪৬

বেঁচে আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ : উপদেষ্টা

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি : সংগৃহীত

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা।

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে রোববার (১ মার্চ) তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’কে দেওয়া সাক্ষাৎকারে পরিচয় গোপন রাখার শর্তে ওই উপদেষ্টা বলেন, তিনি আহমাদিনেজাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তার ভাষায়, ‘আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি একদম সুস্থ আছেন।’

ওই উপদেষ্টা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। এতে ইরানের বিশেষ বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের’ (আইআরজিসি) তিন সদস্য নিহত হন। তারা সাবেক এ প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে আহমাদিনেজাদের ব্যক্তিগত বাসভবন, যা হামলার শিকার ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে জানান ওই উপদেষ্টা।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে তার উপদেষ্টার সর্বশেষ বক্তব্যে সেই গুঞ্জন নাকচ করা হয়েছে।

উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর