Logo

আন্তর্জাতিক

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ২১:১৯

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

ছবি: সংগৃহীত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে কাতার। ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোন কোম্পানির দুটি স্থাপনায় আঘাত হানার পর সোমবার (২ মার্চ) কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি কাতারএনার্জি এ ঘোষণা দেয়।

কোম্পানির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, রাস লাফফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির অপারেটিং সুবিধাগুলোতে সামরিক হামলার কারণে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। একটি ড্রোন মেসাইদে পাওয়ার প্ল্যান্টের ওয়াটার ট্যাংকে আঘাত হানে। অপরটি রাস লাফফানে কাতারএনার্জির একটি জ্বালানি স্থাপনায় আঘাত করে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ চলছে।

প্রসঙ্গত, কাতার বিশ্বের এলএনজি রপ্তানির প্রায় ১৮ থেকে ২০ শতাংশ সরবরাহ করে। এর বড় অংশ যায় এশিয়া—জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন—এবং ইউরোপে। এই স্থগিতাদেশের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে। ইতোমধ্যে এশিয়ান এলএনজি বেঞ্চমার্ক দাম ৪১ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে খবর পাওয়া গেছে। ইউরোপে ডাচ টিটিএফ গ্যাসের দামও তীব্রভাবে বেড়েছে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর